ঝিনাইদহে ১শ শীতার্তকে কম্বল দিল র‌্যাব

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের আমতলা এলাকায় রাস্তার পাশে রাত ১২ টার দিকে আগুন জ্বেলে শীত নিবারণ করছিলেন নাজমা খাতুন। এমন সময় সেখানে হাজির হন ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান। তিনি নাজমার গায়ে একটি কম্বল জড়িয়ে দেন। কম্বল পেয়ে নাজমা খাতুন বলেন, এ বছর এই প্রথম কেউ আমাকে কম্বল দিয়ে সহযোগিতা করলো। এদিকে বাস টার্মিনাল এলাকার বৃদ্ধ নাইট গার্ড হাসেম মিয়া একটি কম্বল পেয়ে খুশি হয়ে বলেন, রাতে শীতের জন্য পাহারা দিতে কষ্ট হয়। একটা কম্বল দিয়ে শীতের রাত কাটাতে হয়। খুব ঠান্ডা লাগে। স্যার একটা মোটা কম্বল দিলেন, আমি তা পেয়ে অনেক খুশি হয়েছি। বুধবার রাতের আঁধারে ঝিনাইদহ শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ১শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে র‌্যাব-৬। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান বলেন, সন্ধ্যা থেকে তীব্র বাতাস আর শীতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সমাজের অসহায় মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে শীতের এই সময়টা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি শীতার্ত আসহায় মানুষের সহযোগিতা করার।