ঝিনাইদহে রেল সংযোগ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ জেলা শহরে রেললাইন সংযোগ, সরকারি মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও নবগঙ্গা নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ‘রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি’র পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়।

স্মারকলিপি প্রদানকালে কমিটির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, পাশের জেলা মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল যোগাযোগ থাকলেও ঝিনাইদহ সদর এখনও অবহেলিত। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও এখানে মেডিকেল কলেজ বা উচ্চশিক্ষার জন্যে কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি। এছাড়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদী সংস্কার ও দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মাণের দাবি জানান তারা।

এ সময় কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, প্রভাষক কামাল হোসেন, আসাদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।