যশোরের কুখ্যাত সন্ত্রাসী ২৭ মামলার আসামি ‘ভাইপো রাকিব’ গ্রেপ্তার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কুখ্যাত সন্ত্রাসী ও চারটি হত্যাসহ ২৭টি মামলার আসামি কাজী রাকিব ওরফে ‘ভাইপো রাকিব’-কে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার রাতে শহরের শংকরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাকিব ওই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।

যশোর ডিবির এসআই অলোক কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন। ডিবি পুলিশ জানায়, রাকিবের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজিসহ মোট ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি সরাসরি হত্যা মামলা এবং সাতটি অস্ত্র মামলা। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা আলমগীর হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে রাকিবের নাম সামনে আসে। পুলিশ জানায় আলমগীর হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিদের জবানবন্দিতে রাকিবের সরাসরি সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে।

সেই তথ্যের ভিত্তিতেই ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে রাকিবকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।