জাকিয়া হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন ১০ জানুয়ারি

0

লোকসমাজ ডেস্ক॥ গোপালগঞ্জের বেদগ্রামের চাঞ্চল্যকর জাকিয়া মল্লিক হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৪ জানুয়ারি) আত্মপক্ষ সমর্থন শেষে এ দিন ধার্য করেন ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেনের আদালত। এদিন তিন আসামি আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেন। এ মামলার আসামিরা হলেন- ভুক্তভোগীর স্বামী মোর্শেদায়ান নিশান, এহসান সুজন, আনিচুর রহমান ও হাসান শেখ। তাদের মধ্যে নিশান পলাতক।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে ভুক্তভোগী জাকিয়া বেগমের সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান তার বোনের কাছে যৌতুক দাবি করেন। এ নিয়ে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে জাকিয়া বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জাকিয়ার বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মোর্শেদায়ান নিশানকে প্রধান আসামি করে মামলা করেন। এছাড়া এহসান সুজন, আনিচুর রহমান, হাসান শেখকে মামলাটিতে আসামি করা হয়। এ মামলার বিচার চলাকালীন বিভিন্ন সময়ে মোট ২০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।