টিআইবি’র অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেলেন আলাউদ্দিন

0

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নির্বাহী কমিটির সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন ষষ্ঠ বারের মতো টিআইবি’র অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন। বৃহস্পতিবার সকালে ‘বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা : গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা এবং অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২১ ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এ পুরস্কার প্রদান করা হয়।
এইচ এম আলাউদ্দিনের ‘খুলনার তৃণমূল স্বাস্থ্যসেবায় অনিয়ম’ শীর্ষক ২০ পর্বের ধারাবাহিক প্রতিবেদন গত বছর (২০২০ সাল) ২১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক পূর্বাঞ্চলে প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলোতে খুলনা জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থায় নানা অনিয়ম, ইউনিয়ন ও কমিউনিটি ক্লিনিকগুলোর সঙ্কট, দুরাবস্থা, বায়োমেট্টিক হাজিরায়ও দুর্নীতি, অকেজো যন্ত্রপাতির কারণে সেবা বঞ্চিত রোগীরা, তৃণমূলে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে মধ্যসত্ত্বভোগীদের ব্যবসা, রোগী ধরার কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গ্রামাঞ্চলের কোয়াক ডাক্তার ও ফার্মেসীগুলোতে অবৈধ ওষুধ এবং তৃণমূলে কাঙ্খিত সেবা না পেয়ে রোগীরা ভিড় জমাচ্ছে শহরের হাসপাতালগুলোতে ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এইচ এম আলাউদ্দিন পাঁচবার টিআইবি’র অনুসন্ধানী পুরস্কার লাভ করেন। ২০০৭ সালে খুলনার স্বাস্থ্যসেবায় অনিয়ম, ২০১১ সালে কোচিং নির্ভর শিক্ষা, ২০১৩ সালে শহরতলীতে ভূমিদস্যুদের উত্থান, ২০১৪ সালে খুলনার স্বাস্থ্যসেবায় দুরবস্থা এবং ২০১৭ সালে ভেজাল ও নকল ওষুধ বিষয়ক ধারাবাহিক প্রতিবেদনের জন্য পুরস্কৃত হন।
এইচ এম আলাউদ্দিন ২০০২ সালের পয়লা জুন থেকে দৈনিক পূর্বাঞ্চলে কর্মরত। সাংবাদিকতার পাশাপাশি তিনি সাংবাদিকদের পেশাজীবী সংগঠনের সাথেও জড়িত। তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি খুলনা প্রেসক্লাবেরও সাবেক কোষাধ্যক্ষ।