যশোরে পৃথক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ৫

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শানতলায় মোটরসাইকেল চাপায় নুসরাত নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চালক আকাশকে আটক করেছে। এছাড়া পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৭ বছর বয়সী শিশু নুসরাত জাহান অনি পাবনার বেড়া উপজেলার চরপাড়া গ্রামের মো. ইব্রাহিম প্রামাণিকের মেয়ে। তার পিতা চাকরিজনিত কারণে যশোর সদর উপজেলা খিতিবদিয়া গ্রামে বসবাস করেন। ইব্রাহিম প্রামাণিক জানিয়েছেন, বুধবার বিকেলে মা ফরিদা খাতুনের সাথে নুসরাত জাহান অনি বাসায় যাচ্ছিল। খিতিবদিয়া নিউ মাদ ঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আকাশ (২৫) নামে এক যুবক বিপরীত দিক থেকে মোটর সাইকেল চালিয়ে শিশুটিকে চাপা দেয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে নুসরাত জাহান অনি মারা যায়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মোটরসাইকেল চালক আকাশ এ সময় আহত হলে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে চিকিৎসক আহত আকাশকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন। গতকাল দুপুরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নেয়া হয়েছে। আকাশ শানতলা গ্রামের মফজেল গাজীর ছেলে।
অপরদিকে, পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় গতকাল আরো ৫ জন আহত হয়েছেন। আহতদের সূত্রে জানা যায়, কাল বেলা ১টার দিকে যশোর শহরতলীর মুড়লী-রাজারহাট মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবক আহত হয়েছেন, আহতরা হচ্ছেন, সদর উপজেলার মোবারককাঠি কাজীপুর গ্রামের মহাব্বত আলীর ছেলে আবির হাসান (১৯) হামিদপুরের আলাউদ্দিনের ছেলে সানজিদ হোসেন তানি (১৭), চাঁনপাড়া গ্রামের রাব্বী হাসান (১৭)। আহত আবির হাসান জানিয়েছেন, দুপুর ১টার দিকে তারা এক মোটরসাইকেলে ৩ জন যশোর শহরে যাচ্ছিলেন। রাজারহাট-মুড়লীর সড়কে একটি ট্রাক ঘুরানোর সময় তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে তারা ৩ জন আহত হন। একই সময় যশোর শহরের আশ্রম রোড়ে মোটর সাইকেলের ধাক্কায় সোহরাব আলী (৬৫) নামে এক রিক্সাচালক আহত হয়েছেন। তার বাড়ি শংকরপুরের আশ্রম রোড এলাকায়। রিক্সা নিয়ে যাওয়ার পথে দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। অপরদিকে, যশোর-বেনাপোল সড়কের নাভারণ বাজারে রিয়াদ হোসেন (১৭) নামে এক মোটর সাইকেল চালক আহত হয়েছেন। মোটর সাইকেলযোগে শার্শা বাজারে যাওয়ার পথে সামনে থাকা একটি রিক্সার সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। আহত রিয়াদ শার্শার বেড়ারপানি গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতদের ভেতর রাব্বী হাসান ও সানজিদ হোসেন ছাড়া সকলের অবস্থা গুরুতর। তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।