বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় মুজাহিদ কমিটির নেতা নিহত, আহত ২

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রচারণায় যাওয়ার পথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মুজাহিদ কমিটিরি নেতা মোটরসাইকেল আরোহী আতিয়ার রহমান (৬৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন আরোহী। রবিবার যশোরের বাঘারপাড়া উপজেলার পুলেরহাটে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার বন্দবিলা ইউনিয়নে মথুরাপুর গ্রামের বাসিন্দা নিহত আতিয়ার রহমান মুজাহিদ কমিটি খাজুরা সাংগঠনিক থানা শাখার সাধারণ সম্পাদক। আহতরা হলেন, একই গ্রামের মৃত ওয়াহেদ আলী মোল¬ার ছেলে মোটরসাইকেল আরোহী আজিজুর রহমান (৬০)। তিনি একই সংগঠনের সাংগঠনিক সম্পাদক। আহত অন্যজন একই উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের মোটরসাইকেল চালক মঞ্জুরুল ইসলাম (২২)। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক শূরা সদস্য নাজমুল হুদা জানান, বন্দবিলা ইউপিতে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় পাঠান পাইকপাড়ায় যাচ্ছিলেন আতিয়ার রহমান। তার সাথে ছিলেন আজিজুর রহমান। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের পুলেরহাটে পৌঁছালে আতিয়ার রহমানের মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মঞ্জুরুল ইসলামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আতিয়ার রহমান মোটরসাইকেল থেকে ছিটকে যাত্রীবাহী সোহাগ পরিবহন বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত আজিজুর রহমানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক। বাঘারপাড়ার খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত গতিতে যশোরের দিকে চলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।