ব্রিটিশ এমপি হত্যা: অভিযুক্ত বিচারের মুখোমুখি

0

লোকসমাজ ডেস্ক॥ ব্রিটিশ এমপি ডেভিড অ্যামসকে হত্যার জন্য ২৫ বছর বয়সী আলী হারবি আলী নামে একজনকে অভিযুক্ত করেছে পুলিশ। নিজ নির্বাচনী এলাকায় একটি গির্জায় তাকে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে হারবি। এ ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির ক্রাউন প্রসিকিউশন সার্ভিস স্পেশাল ক্রাইম অ্যান্ড কাউন্টার টেরোরিজম ডিভিশনের প্রধান নিক প্রাইস বলেন, এই হত্যার সঙ্গে সন্ত্রাসী সম্পর্ক রয়েছে এমন প্রতিবেদন আমরা আদালতে জমা দেবো। এতে ধর্মীয় ও আদর্শগত উভয় প্রেরণাই ছিল।
সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টার ছেলে অভিযুক্ত আলীকে বৃহস্পতিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে। লন্ডন পুলিশের সহকারী কমিশনার ম্যাট জুকস বলেন, অভিযুক্ত ব্যক্তির ব্যাকগ্রাউন্ড, ইতিহাস এবং মোটিভেশন সম্পর্কে মিডিয়াতে যথেষ্ট জল্পনা-কল্পনা রয়েছে। তাছাড়া এ মামলার ক্ষেত্রে জনগণের ব্যাপক আগ্রহ রয়েছে। তবে এখন একজনকে এ মামলায় অভিযুক্ত করা হলো। এদিকে অ্যামসকে হত্যার পর যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থায় ব্যাপক ধাক্কা লাগে কারণ ঠিক পাঁচ বছর আগেও এক ব্রিটিশ এমপিকে একইভাবে হত্যা করা হয়েছিল। এ ঘটনার পর দেশটিতে সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জোরালো হচ্ছে। এর আগে পূর্ব লন্ডনের বেলফায়ার মেথডিস্ট গির্জায় ডেভিড অ্যামসকে হত্যা করা হয়। একের পর এক ছুরিকাঘাতে নিহত হন তিনি। ৬৯ বছর বয়সী ডেভিড অ্যামস দেশটির সাউথেন্ড ওয়েস্টের সংসদ সদস্য ছিলেন। বেলফায়ার মেথোডিস্ট গির্জায় নির্বাচনী দলের সঙ্গে দেখা করার সময় তার ওপর হামলা চালানো হয়।