তিন ছবিতে নওশাবা

0

লোকসমাজ ডেস্ক॥ ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের মধ্য দিয়ে সিনেমা দর্শকের কাছে দারুণ প্রশংসিত হন মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এরপর মাঝে দুই বছর এ অভিনেত্রীকে উল্লেখযোগ্য কোনো কাজে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে ফের সরব হলেন চেনা জগতে। নির্মাতারাও তাকে নিয়ে আবার ভাবছেন। এরই মধ্যে হ্যাটট্রিক করলেন তিনি। অভিনেত্রীর হাতে আছে এখন তিনটি চলচ্চিত্র। এগুলো হলো- অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’, বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’ এবং সাইফ চন্দনের ‘পোস্টার’। বর্তমান ব্যস্ততা নিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত।
তার ভাষ্য, অভিনয়কে আমি ভালোবাসি। এর জন্য আমাকে অনেক কিছু ছাড়তে হয়েছে। অনেকের সঙ্গে কাজের বিষয় চূড়ান্ত হওয়ার পরেও আমাকে বাদ দেয়া হয়েছে। তবু আমি হতাশ হইনি। আমার আত্মবিশ্বাস আমাকে এগিয়ে যেতে শেখায়। মাঝে আমি কেমন সময় পার করেছি সেটি শুধু আমিই জানি। এখন আবার কাজের সুযোগ পাচ্ছি এটি আমার জন্য আনন্দের। নিজের সেরাটা দেবার চেষ্টা করছি। এই গ্ল্যামারকন্যা ক্যারিয়ারের নতুন ইনিংসে ওয়েব ফিল্ম ‘ব্যাচ-২০০৩’তে অভিনয় করে বেশ আলোচনায় আসেন। পরবর্তীতে নির্মাতা অনন্য মামুনের ‘কসাই’ ওয়েব ফিল্মেও দর্শকদের মুগ্ধ করেন। এদিকে, সম্প্রতি আবুল হোসেন মাহমুদের পরিচালনায় ‘পরিণতি’ নামের একটি শর্টফিল্মে দেখা গেছে তাকে।