খোলার আগেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়ার পরিকল্পনা

0

লোকসমাজ ডেস্ক॥ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া নিশ্চিত করার পরই ক্যাম্পাস খুলতে চায় সরকার। তাড়াতাড়ি টিকা দেয়া সম্ভব হলে তাড়াতাড়িই এসব প্রতিষ্ঠান খোলা হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি ইউনিভার্সিটির ছেলেদের ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপরে ইনশাআল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারবো।’ কলেজ-বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ইতিমধ্যে ৪০টির সংস্কার শুরু হয়েছে। করোনাভাইরাসের কারণে ১৪ মাস ধরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, করোনা মহামারির কারণে বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সাথে পরামর্শ করে ২৩ মে থেকে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং করোনার ভারতীয় ধরন নিয়ে উদ্বেগ থাকায় দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির চিন্তাভাবনার পাশাপাশি স্কুল-কলেজ খোলাও পিছিয়ে দেয়া হয়েছে।