নড়াইলের তুলারামপুর সেতুর স্লাব ধসে ভারি যানবাহন চলাচলবন্ধ

0

নড়াইল অফিস॥ নড়াইল-যশোর সড়কের নড়াইলের তুলারামপুর সেতুর মাঝখানে স্লাব ধসে পড়েছে। এ কারণে ওই সড়কের যানবহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই সেতুর স্লাব ভেঙে পড়ে। এরপর সেতুর উভয়পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তির শিকার হন যাত্রীরা। বিপাকে পড়ে পণ্যবাহী যানবাহনগুলো। প্রত্যক্ষদর্শীরা জানান, দশ চাকার একটি পাথর বোঝাই বড় ট্রাক সেতুর
ওপর দিয়ে যাওয়ার পরই ওই স্লাব ভেঙ্গে পড়ে। সেতুটির মাঝখানে প্রায় সাড়ে চার ফুট অংশ ধসে পড়েছে। রড বের হয়ে গেছে। এতে সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বড় যানবাহন চলতে পারছেন না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নড়াইলের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, ‘স্টিলের প্লেট আনার ব্যবস্থা করা হচ্ছে। সেটি লাগানোর পর কিছুটা ঝুঁকি মুক্ত হবে। তারপরও বড় বাস ও ট্রাকসহ অন্য বড় পরিবহন এর ওপর দিয়ে চলতে দেওয়া যাবে না। এখন শুধু ভ্যান ও রিকসা চলতে দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে পাশেই নির্মাণাধীন সেতুটি ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। তখন সমস্যা থাকবে না।