খদ্দের জিম্মি করে টাকা হাতিয়ে নিতো তারা

0

লোকসমাজ ডেস্ক॥ সাতীরা মাগুরা থেকে তিন নারীসহ সংঘবদ্ধ প্রতারক চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় দুই খদ্দেরকেও আটক করা হয়। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাগুরা গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে নগদ ১৮ হাজার ১০০ টাকা। আটক তিন নারীকে দিয়ে দেহব্যবসার নামে বিভিন্ন জায়গা থেকে খদ্দের ডেকে তাদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় সাতীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দীন প্রেস বিফ্রিংয়ে এ সব তথ্য জানান। তিনি বলেন, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে ওই তিন নারীকে দিয়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে খদ্দের ডেকে তাদের জিম্মি করে সুবিধাজনক স্থানে আটকে রেখে বিকাশ, রকেট ও অন্যান্যভাবে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সদর থানার পুলিশ মাগুরা গ্রামের সাইফুলের বাড়িতে অভিযান চালিয়ে ওই তিন নারীসহ সাতজন সংঘবদ্ধ জিম্মিকারী ও দুই খরিদ্দারকে আটক করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা নগদ ১৮ হাজার ১০০ টাকা। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।