সন্তানেরা ভরণপোষণ না দেয়ায় আদালতে বৃদ্ধ পিতা

স্টাফ রিপোর্টার ॥ সন্তানেরা ভরণপোষণ না দেয়ায় শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নিয়েছেন রওশন আলী নামে এক বৃদ্ধ। চৌগাছার দূর্গাপুরের বাসিন্দা এই বৃদ্ধ দুই ছেলে ও পুত্রবধূদের আসামি করে বুধবার যশোরের আদালতে মামলা করেছেন। পিতামাতার ভরণপোষণ আইন-২০১৩ এর ৫ ধারায় মামলাটি করা হয়। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.মামুনুর রহমান তার অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামিরা হচ্ছেন-বৃদ্ধের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী জোসনা বেগম (৩০) এবং মনোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী মোছা. বুলবুলি (৩৫)।
বৃদ্ধ রওশন আলীর অভিযোগ, তার ২৪ শতক জমি ছিলো। এই জমিতে চাষাবাদ ও বাড়ির সামনের একটি টোঙ দোকানে উপার্জিত অর্থ দিয়ে সংসার চালাতেন। গত ৭ এপ্রিল তার দুই ছেলে জোরপূর্বক তাকে রেজিস্ট্রি অফিসে নিয়ে খুন জখমের হুমকি দিয়ে ওই ২৪ শতক জমি লিখিয়ে নেন। এরপর থেকে তাকে ও তার স্ত্রীকে ভরণপোষণ দিচ্ছে না দুই ছেলে ও তাদের স্ত্রীরা। গত ৩০ আগস্ট রাতে তারা তাকে (রওশন আলী) ও তার স্ত্রীকে খেতে না দিয়ে গালিগালাজ করে তাড়িয়ে দেন। পরদিন টোঙ দোকানটিও ভেঙ্গে দেন সন্তানেরা। ফলে বর্তমানে তারা স্বামী-স্ত্রী বৃদ্ধ বয়সে মেয়ের বাড়িতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

ভাগ