হিলিতে একদিনে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

0

লোকসমাজ ডেস্ক॥ কিছুটা কমে ফের বাড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানিকৃত কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। গত ১৯ আগস্ট বুধবার বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে (ট্রাকসেল) ৯৫ টাকা দরে বিক্রি হলেও গতকাল ২০ আগস্ট বৃহস্পতিবার তা বেড়ে ১১০ টাকা দরে বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য সাধারন মানুষের নাগালের মধ্যে রাখতে বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। ভারতের গুলডাঙ্গা, নাগপুর ও বিহার প্রদেশ থেকে দেশে কাঁচামরিচ আমদানি হলেও সম্প্রতি ভারতের নাগপুর ও গুলডাঙ্গা অঞ্চলে বন্যা হওয়ার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এখন শুধুমাত্র বিহার অঞ্চলে কাঁচামরিচ রয়েছে, যার কারণে পণ্যটির সরবরাহ কমায় সেদেশেই কাঁচামরিচের দাম বাড়তির দিকে রয়েছে। এতে করে আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে, ফলে দেশেও দাম বাড়ছে।
এছাড়াও শুক্রবার সাপ্তহিক ছুটির কারণে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকায় দেশে কাঁচামরিচ আমদানি হবে না বলেও জানান তিনি। যার কারণে দেশের বাজারে পণ্যটির বাড়তি চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় দাম বাড়ছে।
কাঁচামরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বলেন, এক কেজি কাঁচামরিচ আমদানিতে শুল্ক পরিশোধ করতে হচ্ছে ২৪ টাকার মতো, শুল্ক কিছুটা কমলে দেশের মানুষ কম দামে কাঁচামরিচ খেতে পারতো।