মোংলায় জাহাজে অসুস্থ হয়ে প্রাণ হারালেন চীনা প্রকৌশলী

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোংলায় জাহাজে অসুস্থ হয়ে ফ্যান হংজি (৪৩) নামে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে সিঙ্গাপুরের পতাকাবাহী ইপিক সেন্ট কিটস্ নামের একটি বাণিজ্যিক জাহাজে তার মৃত্যু হয়। তিনি এই জাহাজের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। গতকাল বৃহষ্পতিবার সকালে ফ্যান হংজির মরদেহের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে বন্দরের মেডিকেল টিম প্রাথমিকভাবে ধারণা করছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ১৯৭৭ সালের ১২ এপ্রিল ফ্যান হংজি চীনের হুবেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি এই শহরের বাসিন্দা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন বলেন, বুধবার সকাল এগারোটা নাগাদ ভারত থেকে এলপিজি গ্যাস নিয়ে ইপিক সেন্ট কিটস্ নামের জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ার বাইরে অবস্থান নেয়। সেখান থেকে সন্ধ্যায় জাহাজটির প্রধান প্রকৌশলী ফ্যান হংজি অসুস্থ হয়ে পড়ার সংবাদ বন্দরকে জানালে একটি চিকিৎসক দল জাহাজে পাঠানো হয়। চিকিৎসক দল সেখানে পৌঁছে নানা পরীক্ষা নিরীক্ষার পর রাত ২টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করে। চীনা নাগরিক ফ্যান হংজি’র হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।
ইপিক সেন্ট কিটস্’র স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের ব্যবস্থাপক (হিসাব) আব্দুল্লাহ আল মামুন বলেন, ভারত থেকে এই জাহাজটি এলপিজি গ্যাস নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। বুধবার সকাল এগারোটার দিকে জাহাজটি মোংলা বন্দরের বাইরে সাগরের হিরণ পয়েন্ট এলাকায় পৌঁছার পর এর প্রধান প্রকৌশলী ফ্যান হংজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় জাহাজে থাকা ডাক্তাররা তাকে চিকিৎসাসেবা দিতে শুরু করেন। এরমধ্যে জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছে খবর দিলে মোংলা বন্দর কর্তৃপক্ষ একটি চিকিৎসক দল জাহাজে পাঠায়। তারা পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন প্রকৌশলী ফ্যান হংজিকে।