সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৬ জেলে আটক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ পূর্ব সুন্দরবনের ছাপড়াখালী খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ৬ জনকে আটক করেছে বন বিভাগ। শনিবার রাতে সুন্দরবনের বাগেরহাট শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকা থেকে এদের আটক করা হয়। এসময় জব্দ করা হয় ১৩০ কেজি বিষযুক্ত সাদা মাছ, ৯৮ কেজি বিষযুক্ত চিংড়ি, অসাধু জেলেদের ব্যবহৃত একটি নৌকা ও একটি ট্রলার। আটককৃতরা হলেন-শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কবির হোসেন (৫০) ও সেলিম (৪০) এবং মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি গ্রামের এমাদুল (১৮), সাকিব (২০), জাকির হোসেন (৫২) ও আজগর হোসেন (৪৫)। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, আটক জেলেরা কটকা অভয়ারণ্য এলাকায় বিষ দিয়ে মাছ ধরছিলেন। গোপনে সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। রোববার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।