কুষ্টিয়ায় আরও ২ জন করোনা শনাক্ত

0

কুষ্টিয়া সংবাদদাতা॥ কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ঢাকা থেকে এসেছেন। সোমবার (১১ মে) দুপুরে কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডাক্তার নজমুল মনির এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৪১টি এবং খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব থেকে ১২টি রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাবে দু’জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দু’জনের একজন পুরুষ (২৯) ও একজন নারী (২২)। তারা একই পরিবারের সদস্য এবং দৌলতপুরের রেফায়েতপুর ইউনিয়নের বাসিন্দা। উল্লেখ্য, কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনাভাইরাসে ২০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আট জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।