সরকারের আর্থিক অনুদান প্রত্যাখান যশোর কওমী মাদরাসা পরিষদের

0

স্টাফ রিপোর্টার ॥ সরকার কর্তৃক আর্থিক অনুদান প্রত্যাখান করেছে যশোর জেলা কওমী মাদরাসা পরিষদ। সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃৃহিত হয়। গতকাল শনিবার সকালে জামেয়া এজাজিয়া দারুল উলুম রেলস্টেশন কওমী মাদরাসায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, যশোর জেলা কওমী মাদরাসা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী। জেলা কওমী মাদরাসা পরিষদ প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
জেলা কওমী মাদরাসা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান স্বাক্ষরিত ওই বিবৃতিতে জানানো হয়, কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য, স্বকীয়তা সর্বজনবিদিত। কওমী মাদরাসা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত দারুল উলুম দেওবন্দের আদর্শ, মূলনীতি ও অনুসরণে মুসলিম জনসাধারণের আর্থিক সহায়তায় উলামায়ে কেরাম মাধ্যমে প্রতিষ্ঠিত ও পরিচালিত ইলমে ওহীর শিক্ষা কেন্দ্র। তাই যশোর জেলা কওমী মাদরাসা পরিষদের অন্তর্ভুক্ত কোনো কওমী মাদরাসা সরকার কর্তৃক কোনো অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার ইতিপূর্বে কওমী মাদরাসার সনদের যে স্বীকৃতি দিয়েছে ঘোষিত সেই স্বীকৃতির গেজেটে ২ এর ১ নং ধারা এবং ২ এর (ঙ) নং ধারা মোতাবেক কোনো কওমী মাদরাসা সরকারি অনুদান গ্রহণ করতে পারে না। এসব কারণে যশোর জেলা কওমী মাদরাসা পরিষদ সরকারের এ অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
সভায় উলামাদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলস্টেশন মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করীম যশোরী, যশোর দারুল আরকান মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, দড়াটানা মাদরাসার মুহতামিম মুফতি মো. মুজিবুর রহমান, টালিখোলা মাদরাসার মাওলানা আব্দুল কাদের, খড়কি মাদরাসার মাওলানা নাজমুল হক, ঝুমঝুমপুর কওমী মাদরাসার মাওলানা রফিকুল ইসলাম, রাজারহাট মহিলা কওমী মাদরাসার মাওলানা আব্দুল হালিম, মাসনা মাদরাসার মুফতি ইয়াহিয়া, সতীঘাটা মাদরাসার মাওলানা নাসিরুল্লাহ, বকচর মাদরাসার মাওলানা নাজির উদ্দীন, বারান্দীপাড়া মাদরাসার মুফতি শামসুর রহমান, মাদীনগর মাদরাসার মুফতি রশিদ আহমদ,আশরাফিয়া মহিলা কওমী মাদরাসার মাওলানা ইমাদুল ইসলাম, নিয়ামতিয়া মহিলা মাদরাসার মুফতি মাসুদুর রহমান, বাকড়া মাদরাসার মুফতি তৌহিদুল ইসলাম ও নাভারন বাহারুল উলুম কওমী মাদরাসা মাওলানা মো. কামরুজ্জামান। প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত ৬৯৬৯ টি কওমী মাদরাসার জন্য ৮ কোটি ৩১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। তবে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত এ টাকা নিয়ে কওমী মাদরা বোর্ডের নেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।