এম. এ রহিম চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলাকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামীকাল শনিবার থেকে লকডাউন কার্যকর করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এই লকডাউনে দুপুর একটা পর্যন্ত উপজেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। তবে পণ্যবাহী (কাঁচামাল) পরিবহন ছাড়া সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি স্বাস্থ্যসেবার কাজ ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। বিশেষ করে উপজেলাব্যাপী সাপ্তাহিক কোন হাট-বাজার বসতে পারবে না। তিনি আরো বলেন, উপজেলা থেকে কোন লোক বাইরে বা বাইরে থেকে কোন লোক উপজেলার মধ্যে প্রবেশ করতে পারবে না। তিনি বলেন, নিজের ও উপজেলার সার্বিক নিরাপত্তার স্বার্থে এবং করোনার প্রাদুর্ভাব ঠেকাতে চৌগাছা উপজেলাবাসীকে এ নির্দেশনা মেনে চলতে হবে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরের ঈদগাহ ময়দানে ওই জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। আলোচনায় অংশ নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র, লেফটেন্যান্ট আরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান, সাধারণ স¤পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার, পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, চৌগাছা থানা পুলিশের ওসি রিফাত খান রাজীব প্রমুখ। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান তবিবর রহমান খান, তোতা মিয়া, শেখ আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, ইব্রাহীম খলিল বাদল, আতাউর রহমান লাল, অবাইদুল ইসলাম সবুজ প্রমুখ। উল্লেখ্য, গত ২২ এপ্রিল চৌগাছা পৌর এলাকায় এক নারী ও এক স্কুলছাত্রের শরীরে করোনাভাইরাস শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। এরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।





