আন্তর্জাতিক সংবাদ

0

এবার করোনায় মারা গেলেন ইরানের এমপি
লোকসমাজ ডেস্ক ॥ এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সংসদ সদস্য। তার নাম মোহাম্মদ আলী রামাযানী দস্তক। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করে ইন্ডিপেন্ডেন্ট। ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি জানায়, শনিবার সকালে মারা যান এই সংসদ সদস্য। মোহাম্মদ আলী রামাযানী সম্প্রতি আস্তানা আশরাফীহের প্রতিনিধি হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, নতুন করোনা ভাইরাসে দেশটিতে এখন পর্যন্ত ৪৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৫৯৩ জন। তবে তবে ইরানের স্বাস্থ্য ব্যবস্থার কর্মকর্তারা বিবিসিকে বলেছেন যে, করোনা ভাইরাসে সেখানে কমপক্ষে ২১০ জন মারা গেছেন। নিহতদের বেশির ভাগই দেশটির রাজধানী তেহরানে এবং কোম শহরের। এই অঞ্চলেই দেশটিতে প্রথম করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

মার্কিন গোয়েন্দা বিমানে লেসার ছুড়েছে চীনা যুদ্ধজাহাজ
লোকসমাজ ডেস্ক ॥ মার্কিন সামরিক বাহিনীর একটি গোয়েন্দা বিমান তাক করে চীনা যুদ্ধজাহাজ লেসার ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। বোয়িং কোম্পানির পি-৮ এ পোসিডেন গোয়েন্দা বিমানটি ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে লেসার ছোঁড়া হয়। খবর রয়টার্সের। মার্কিন নৌ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের বিবৃতিতে চীনের এ আচরণকে অনিরাপদ এবং অপেশাদারসুলভ বলে অভিহিত করা হয়েছে। এটি আন্তর্জাতিক নীতিমালা এবং চুক্তির বরখেলাপ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র-পর্যায়ের লেসারে বিমান, তার আরোহীসহ জাহাজের মারাত্মক ক্ষতি হতে পারে। খালি চোখে কিছু বোঝা না গেলেও বিমানের সেন্সরের মাধ্যমে লেসার ছোঁড়ার ঘটনা টের পাওয়া গেছে। গুয়ামের ৬১১ কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটেছে। ঘটনার এক সপ্তাহের বেশি সময় পরে এটি প্রকাশ করা হল এবং এ নিয়ে অভিযোগ তুলল আমেরিকা।

এবার তুর্কি হামলায় ৩ শতাধিক সিরীয় সেনা নিহত
লোকসমাজ ডেস্ক ॥ তুরস্ক ও সিরিয়ার মধ্যে নতুন করে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সিরিয়ার ২০০টি লক্ষ্যবস্তুতে স্থল ও বিমান হামলা করেছে তুর্কি বাহিনী। আঙ্কারা জানিয়েছে, তাদের পাল্টা হামলায় আসাদ বাহিনীর ৩০৯ সেনাকে ‘নির্মূল’ করা হয়েছে। সাথে ধ্বংস করা হয়েছে কয়েক ডজন সামরিক যানবাহন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের মতে, তারা পাঁচটি সামরিক হেলিকপ্টার, দুটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ২৩টি ট্যাঙ্ক এবং ২৩টি হাউইটজার কামান ধ্বংস করেছেন।  তুর্কি সংবাদমাধ্যমগুলোতেও আসাদের সামরিক যানে বিস্ফোরণের ছবি দেখানো হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ইদলিবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যার পর এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে। এই হামলার পরই পাল্টা হামলা শুরু করে তুরস্ক। এতে অন্তত ১৬ সিরিয় সেনা নিহত হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। এদিকে তুরস্কের প্রতিরক্ষা দফতরের বরাতে সরকারি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ১ হাজার ৭০৯ জন সিরিয় সেনাকে নিষ্ক্রিয় করেছে তুর্কি সেনারা। নিষ্ক্রিয় বলতে সাধারণত নিহত অথবা বন্দিদের বুঝিয়ে থাকে তুরস্ক। ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, বিদ্রোহীদের হটিয়ে মাস তিনেক আগে সরকারি বাহিনীর দখলে নেয়া বেশ কিছু অঞ্চলে সিরিয়ার সামরিক অবস্থানে ড্রোন ও গোলা বর্ষণ করে তুর্কি বাহিনী। গত কয়েক সপ্তাহ ধরেই সিরিয়ার সরকারি বাহিনী ইদলিব প্রদেশ পুনর্দখলের জন্য রাশিয়ার সামরিক সমর্থন নিয়ে ব্যাপক যুদ্ধ চালাচ্ছে। ইদলিব হচ্ছে সিরিয়ার ভেতরে বাশার আসাদবিরোধী বিদ্রোহীদের সবশেষ ঘাঁটি। এখানে একাধিক তুরস্ক সমর্থিত সিরিয়ান বিদ্রোহী, জিহাদি ও আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী রয়েছে। রাশিয়ার বিমানবাহিনীর সহযোগিতায় বিরোধীদের শেষ ঘাঁটি ইদলিবের দখল নিতে হামলার তীব্রতা বাড়ায় আসাদবাহিনী। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিমান হামলায় ৩৩ তুর্কি সেনা নিহত হন এবং অনেকে আহত হন। আহতদের চিকিৎসার জন্য তাদেরকে তুরস্কের ভেতর নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের হাতয় প্রদেশের গভর্নর রাহমি দোগান। এ ঘটনার পর বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসে এরদোয়ান সরকার। দুই ঘণ্টার ওই বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যদের পাশাপাশি উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা ছিলেন বলে জানা গেছে। পরে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডাররা সিরিয়ার সীমান্ত থেকে আসাদবাহিনীর বিভিন্ন স্থাপনায় স্থল ও বিমান হামলার নির্দেশনা দেন।