লোহাগড়ায় ছয় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ করোনা ভাইরাস সংক্রমণের অজুহাতে কতিপয় ব্যবসায়ী নিত্যপণ্য চাল, ডাল, পিঁয়াজ, রসুনসহ অন্যান্য ভোগ্যপণ্যের মূল্য বাড়িয়ে দেয়ায় নড়াইলের লোহাগড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। শনিবার আদালত ৬ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি ব্যাণার্জীর নেতৃত্বে একটি দল লোহাগড়া বাজারের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসায়ী বাবলু শেখকে ৫ হাজার, ইউনুচ শেখকে ১ হাজার, দুলাল মুন্সীকে ৩ হাজার, আফজাল ফকিরকে ১ হাজার, গৌর দত্তকে ৫ হাজার, শাহাদাৎ হোসেনকে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন। অভিযানকালে লোহাগড়া থানার এসআই মাহাফুজসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি ব্যাণার্জী প্রত্যেকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে সতর্ক করে দিয়ে বলেন, দোকানে থাকা প্রত্যেকটি পণ্যের নামসহ মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতে হবে। এ নিয়ম ভঙ্গ করলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে, করোনা ভাইরাস নিয়ে নড়াইলের লোহাগড়ায় নতুন গুজব ছড়ানো হয়েছে। গুজবে বলা হয়েছে, পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজে তল্লাশি চালাচ্ছে। মাছ, মাংস, তরিতরকারি ফ্রিজে পেলে পুলিশ তা নষ্ট করছে বা নিয়ে যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজে তল্লাশি চালানোর কোন সরকারি নির্দেশনা নেই। তবে, সকলকে নিত্যপণ্য প্রয়োজনের অতিরিক্ত মজুদ করতে নিষেধ করা হয়েছে’। লোহাগড়া থানার ওসি (তদন্ত) মো. আমানুল্লাহ আল বারী বলেন, পুলিশ কারো বাড়ির ফ্রিজ তল্লাশি করছে না, এটা স্রেফ গুজব।