যশোরের পল্লীতে সংঘর্ষে মহিলাসহ আহত ১১ জন

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার সাজিয়ালী গ্রামে গতকাল সকালে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে মহিলাসহ ১১ জন আহত হয়েছেন। আহতদের ভেতর গুরুতর অবস্থায় ৭ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গরু চুরি করার প্রতিবাদ এবং বাওড় দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- সাজিয়ালী গ্রামের হারান গাজীর ৫ পুত্র রওশন আলী (৫০), ওসমান গাজী (৫৫), মশিয়ার রহমান (৪৫), লোকমান হোসেন গাজী (৩৫), মোশারফ হোসেন গাজী (৩৫), রওশন আলী গাজীর স্ত্রী শামীমারা শিউলী (৪০), দিদার গাজীর পুত্র ঝন্টু গাজী (৪০), মিন্টু গাজী (৪৫), মিন্টু গাজীর পুত্র ইয়াসিন গাজী (১৮), রুস্তম গাজীর পুত্র রিপন গাজী (২৫) ও ভাটই বিশ্বাসের পুত্র বাবুল বিশ্বাস (৫০)। আহতদের ভেতর মিন্টু গাজী, বাবলু গাজী, রওশন গাজী, ওসমান গাজী, মশিয়ার গাজী, মোশারফ হোসেন ও শামীমআরা শিউলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা দু’গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। রওশন গাজী ও তার স্বজনরা জানিয়েছেন, গতকাল সকাল ৭টার দিকে তাদের প্রতিপক্ষ হযরত, ঝন্টুসহ ১০/১২ জন লুৎফর রহমান গাজীর বাড়ি হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে লোকজনকে কোপাতে থাকে। কেউ কেউ লাঠিসোটা দিয়ে মারপিট করতে থাকে। এ সময় হারান গাজীর ছেলেরা বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে উভয় গ্রুপের ১১ জন আহত হন। গত রোববার রাতে ঝন্টু গাজী ও বাবলু একই গ্রামের মশিয়ার রহমান ও রওশন গাজীর ২টি গরু চুরি করে। ওই রাতে ধাওয়া করে মাঠ থেকে তারা গরু দুটি উদ্ধার করেন। এ ঘটনায় জড়িতরা বিষয়টি গোপন রাখার জন্য গরুর মালিক পক্ষকে অনুরোধ জানায়। পরে ঘটনা ফাঁস হয়ে গেলে ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায়। আহতরা আরও জানিয়েছেন, সাজিয়ালী বাওড়ের দখল নিয়েও ঝন্টু ও বাবলু পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। হারান গাজীর ছেলে মোশারফ গাজী, প্রতিবেশী ফরিদ, দাউদ ও লুৎফর সাজিয়ালী সরকারি বাওড় লিজ নিয়ে মাছ চাষ করেন। ওই বাওড় হযরত ঝন্টুসহ অন্যান্যরা দখলের চেষ্টা চালায়। বাওড় দখল করতে না পারায় তাদের ভেতর ক্ষোভ রয়েছে। সব মিলে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে আহতরা জানিয়েছেন।