ঢাবি শিক্ষার্থী ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর জেলা ছাত্রমৈত্রী। গতকাল বুধবার প্রেসকাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ব্যাপক উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে সামাজিক অবক্ষয় ঘটেছে ব্যাপক। যে কারণে দেশে ধর্ষণের মত জঘন্যতম ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। যেখানে-সেখানে দিনে-রাতে ঘটছে ধর্ষণ। বাড়ি থেকে বের হয়ে কোন যুবতী মেয়ের ইজ্জত নিয়ে বাড়ির ফেরার নিশ্চয়তা নেই। এ অবস্থা থেকে সমাজকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বক্তারা। বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান কাবুল, জেলা যুবমৈত্রীর সভাপতি অনুপ কুমার পিন্টু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাস, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস তালুকদার, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি শ্যামল শর্মা, সহ-সভাপতি সুব্রত বিশ্বাস প্রমুখ।