মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিকট বিস্ফোরণ

0
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণের পর পুরো এলাকা ঘন সাদা গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে।। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ট্রাক থেকে অনবরত তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ঘন ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) ভোর ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ট্রাকটি যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের বাইপাস এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রাকটির এক অংশ ছিদ্র হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভেতরের চাপযুক্ত তরল নাইট্রোজেন বাইরে বের হতে শুরু করে। প্রাথমিক তথ্যানুযায়ী, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল, যার পুরোটাই ছড়িয়ে গিয়ে নিঃশেষ হয়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, তরল নাইট্রোজেনবাহী গাড়িটি হোটেলের সামনে অবস্থান করছিল। হঠাৎ বিকট বিস্ফোরণের আওয়াজ হয় এবং মুহূর্তের মধ্যেই সাদা কুয়াশার মতো ঘন গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বিষাক্ত বা বিপজ্জনক পরিস্থিতি এড়াতে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং বনপাড়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে মহাসড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় গত ২৫ জুলাই নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী আরও একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল। ফলে বারবার এমন ঝুঁকিপূর্ণ পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।