মনিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ যশোরের মনিরামপুরে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে যশোর-চাতরা মহাসড়কে অবস্থান নেয় এবং সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে স্থানীয় অভিভাবক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং রাজনৈতিক কর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ছয়টার দিকে ওই ছাত্রী তার এক সহপাঠীকে সাথে নিয়ে স্থানীয় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে জয়নগর জোড়া পুকুর এলাকায় পৌঁছালে খর্দগাংড়া গ্রামের আবু জাফর, জয়নগর গ্রামের সমির হোসেন ও সেলিম হোসেন তাদের গতিরোধ করে। বখাটেরা ছাত্রীর সহপাঠীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার পর, সমির ও সেলিমের সহায়তায় আবু জাফর ওই ছাত্রীকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। কাছাকাছি মাঠে কাজ করা কৃষকেরা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে ভুক্তভোগী ছাত্রী বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানালে, ওই রাতেই তার ভাই বাদী হয়ে তিনজনকে আসামি করে মনিরামপুর থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার অন্যতম সহযোগী সমির হোসেনকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করায়। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত আবু জাফর এবং আরেক সহযোগী সেলিম হোসেন গ্রেফতার না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। যার জেরে মঙ্গলবার তারা রাজপথে নামতে বাধ্য হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, ঘটনার পর পরই এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ পলাতক বাকি দুইজনকে আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।