নিরাপত্তা ঝুঁকি বাস্তব ও গুরুতর: আইসিসির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনায় ফারুকী

0
ভারতে ম্যাচ আয়োজনে আইসিসির একগুঁয়েমি; নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ফারুকী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভারতে বাংলাদেশি নাগরিকদের ওপর সাম্প্রতিক হামলা এবং উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির প্রেক্ষাপটে সেখানে বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কঠোর সমালোচনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।

ফারুকী তাঁর পোস্টে উল্লেখ করেন, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আইসিসি গুরুত্বের সঙ্গে নিলেও বাংলাদেশের বেলায় তারা ভিন্ন অবস্থান নিয়েছে। তিনি সম্প্রতি পশ্চিমবঙ্গে মঞ্জুর লস্কর নামে এক ব্যক্তিকে ‘বাংলাদেশি সন্দেহে’ পিটিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করে বলেন, ভারতে বাংলাদেশি খেলোয়াড় ও সমর্থকদের জন্য নিরাপত্তা হুমকি এখন বাস্তব ও গুরুতর। মুম্বাইয়ে ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্কবাণী এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনাগুলোও তাঁর বক্তব্যে উঠে আসে।

উপদেষ্টা ফারুকী আরও জানান, আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন রিপোর্টেও মোস্তাফিজ দলে থাকলে এবং বাংলাদেশের জার্সি পরলে ‘মাঝারি থেকে উচ্চ’ পর্যায়ের ঝুঁকির কথা বলা হয়েছে। এমতাবস্থায় বিসিবির অনুরোধ উপেক্ষা করাকে তিনি ‘অবিচার’ হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেন, “নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির।” উল্লেখ্য, এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও আইসিসির এই একঘেয়ে সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্বকাপে অংশগ্রহণ না করার ইঙ্গিত দিয়েছিলেন।