যশোরে স্বর্ণের ২টি বারসহ পাচারকারী আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বিজিবি’র দফায় দফায় অভিযানে স্বর্ণের বার উদ্ধারসহ পাচারকারী আটক হচ্ছেন। বৃহস্পতিবার স্বর্ণের ২টি বারসহ বাদশা শেখ (২৫) নামে এক পাচারকারী আটক হয়েছেন। আটক বাদশা শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পোদমদী গ্রামের সোহেল শেখের ছেলে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান বিজিবি সদস্যরা।

এ সময় সেখান থেকে বাদশা শেখ নামে এক পাচারকারীকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে লুকানো স্বর্ণের ২টি বার উদ্ধার করা হয়। যার ওজন ২২৫ দশমিক ৩১ গ্রাম।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখের কাছ থেকে জানা যায়, তিনি ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাচালানীদের কাছ থেকে স্বর্ণের বার দুটি সংগ্রহ করেছিলেন। বারগুলি সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।