২০৩০ সালের মধ্যে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের : অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ২০৩০ সালের মধ্যে সরকার সোলার প্যানেল থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। দেশের জ্বালানি খাতকে নিরাপদ করতে সরকার সোলার প্যানেল তথা সৌরবিদ্যুৎ খাতকে একটি অত্যন্ত সম্ভাবনাময় এবং কৌশলগত খাত হিসেবে বিবেচনায় নিয়েছে।

বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্য ওঠানামা এবং অভ্যন্তরীণ গ্যাস সংকট মোকাবিলায় সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

শুক্রবার যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম স্থাপন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দক্ষতা প্রশিক্ষণের ওপর প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রতিষ্ঠানটির সোলার ইলেকট্রিক্যাল সিস্টেম ইন্সটলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, যারা রুফটপ সোলার স্থাপন করবেন, তাদের কাছ থেকে গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার ঘোষণা দিয়েছে। এতে গড়ে প্রতি ইউনিট ৬-৭ টাকা উৎপাদন ব্যয়ের বিপরীতে ৪৫ শতাংশ পর্যন্ত মুনাফার সুযোগ সৃষ্টি হবে।

সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যসমূহ যেমন সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ইত্যাদির ওপর আরোপণীয় সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর ছাড়াও অতিরিক্ত অগ্রিম আয়কর মুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। রুফটপ সোলার স্থাপনে সরকার দেশের সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ ভবনের ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য কর্মসূচি নিয়েছে এবং সেটির বাস্তবায়নে একটি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে।

তিনি বলেন, সরকার আগামী গ্রীষ্মের আগেই নবায়নযোগ্য জ্বালানি থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছে। সোলার প্যানেল স্থাপনের জন্য সহজ শর্তে ঋণের ঘোষণা দিয়েছে। সরকার এই খাতের জন্য দক্ষ জনবল সৃষ্টি করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। পরে প্রধান অতিথি প্রতিষ্ঠানের ছাদে স্থাপিত ৭ কিলোওয়াটের সোলার প্যানেল পরিদর্শন করেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ প্রতিমন্ত্রীর কাছে প্রতিষ্ঠানের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সোলার প্যানেল দাবি করলে প্রতিমন্ত্রী সেটি পূরণের ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।