৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন ৩ জুন

0

লোকসমাজ ডেস্ক : রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেওয়া হবে। শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজকেই আমরা প্রতিবেদনটি দিতে পারছি না। কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে, ফলে আগামী ৩ জুন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। মূলত সেখানে চিকিৎসাধীন ও অবস্থানরত সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো সম্পূর্ণ নেওয়া সম্ভব হয়নি। তাদের বক্তব্য যুক্ত করে একটি পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করার লক্ষ্যেই এই সময় বৃদ্ধি।”

প্রাথমিক তদন্তের তথ্যের বরাত দিয়ে সরদার সাখাওয়াত হোসেন আরও জানান, ঘটনার সময় হাসপাতালটির এসি প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত সেখানে কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত প্রতিবেদনের আলোকে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মান্তিক ঘটনায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার শর্তে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ছয় নবজাতকের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে রমনা থানায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।