যশোরে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে উদীচী যশোর জেলা সংসদ এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উদীচীর উপদেষ্টা খন্দকার আজিজুল হক মনি ও অ্যাডভোকেট রবিউল আলম, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেডএম সালেক, সাংস্কৃতিক সংগঠক সানোয়ার আলম খান দুলু, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু এবং উদীচী যশোরের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য কাজী খালেদ।

ছবি: লোকসমাজ।

আলোচনা সভায় বক্তারা বলেন, উদীচী কেবল একটি সংগঠন নয়, এটি অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ গঠনের হাতিয়ার। ১৯৬৯ সালের ৪ এপ্রিল যশোরে ডা. কাজী রবিউল হকের বাসায় বৈঠকের মাধ্যমে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে সারাদেশে তিন শতাধিক শাখার মধ্যে যশোরেই উদীচীর প্রথম জেলা কমিটি গঠিত হয়।

এর আগে সকালে উদীচী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। এরপর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়। বিকেলে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।