৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা ফ্রি করল সরকার

0
ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত: আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস১ পরীক্ষা।। ছবি: সংগৃহীত
দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘এনএস১’ (NS1) সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ইতিমধ্যে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ দ্রুত ও সঠিকভাবে শনাক্তকরণের সুবিধার্থে এনএস১ পরীক্ষাটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন ও মাঠ পর্যায়ে কার্যকর করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি অনুলিপি সারা দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

চিকিৎসকেরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ সামান্য জ্বর বা লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে দ্রুত সরকারি হাসপাতালে গিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন, যা ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুর হার কমিয়ে আনতে সহায়ক হবে।