৩০০ ফিটের পথে তারেক রহমান

0
শাহজালাল বিমানবন্দর থেকে লাল-সবুজের বুলেটপ্রুফ বাসে চড়ে ৩০০ ফিট সংবর্ধনাস্থলের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বীরের বেশে প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার’ (বিজি-২০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান একটি লাল-সবুজের বিশেষ বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে রাজধানীর ৩০০ ফিট এলাকার ‘জুলাই এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত ঐতিহাসিক সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

পুরো বিমানবন্দর এলাকা থেকে পূর্বাচল পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা এখন লক্ষ লক্ষ নেতা-কর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ভিড়ে রুদ্ধ হয়ে পড়েছে রাজপথ।

এর আগে সকাল ১০টায় বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!” সংবর্ধনা অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন। সংবর্ধনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে দীর্ঘকাল চিকিৎসাধীন থাকা তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। গত বুধবার দিবাগত রাতে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন।