২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, পেছাচ্ছে তারিখ

0
১৮ লাখের বেশি পরীক্ষার্থীর ফল প্রস্তুতের কাজ চলছে, নতুন তারিখ দ্রুতই ।। ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশের প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা কয়েক দিন পিছিয়ে যাচ্ছে। তবে সুনির্দিষ্ট নতুন তারিখ এখনো চূড়ান্ত করা না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই ফলাফল প্রকাশের দৃঢ় আশা ব্যক্ত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অনিবার্য প্রশাসনিক ব্যস্ততার কারণে পূর্বনির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

সাধারণ নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রস্তুত ও প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে এ বছর গত ২১ এপ্রিল দেশজুড়ে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়। সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ২০ মে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সারা দেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। বোর্ড কর্মকর্তারা জানান, দ্রুততম সময়ের মধ্যে ফল প্রকাশে সব ধরনের কারিগরি কাজ শেষ পর্যায়ে আনা হচ্ছে।