২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ আয়োজক শহর চূড়ান্ত, ম্যাচ হবে ৩ দেশে

0
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ: ভেন্যু তালিকা প্রকাশ।। ছবি: সংগৃহীত
দীর্ঘ ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের এই বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

টুর্নামেন্টের মোট ৫৪টি ম্যাচের মূল অংশ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। দেশটির আটটি শহর—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুমফন্টেইনে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

ক্রিকেটের এই রাজকীয় আসরের ফাইনাল ম্যাচটি কোথায় হবে, তা নিয়ে গুঞ্জন থাকলেও ঐতিহাসিক ওয়ান্ডারার্স কিংবা দৃষ্টিনন্দন নিউল্যান্ডসকে ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, আরেক সহ-আয়োজক দেশ জিম্বাবুয়ের তিনটি শহর—হারারে, বুলাওয়ে এবং ভিক্টোরিয়া ফলসে অনুষ্ঠিত হবে মোট ৭ থেকে ১০টি ম্যাচ। এর মধ্যে ভিক্টোরিয়া ফলস সম্পূর্ণ নতুন সংযোজন।

চলতি বছরের শেষের দিকে শহরটিতে ১০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন একটি নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। আগামী বছরের শুরুর দিকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে স্টেডিয়ামটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

আইসিসির জ্যেষ্ঠ পর্যায়ের কোনো টুর্নামেন্ট প্রথমবার যৌথভাবে আয়োজনের সুযোগ পাওয়া নামিবিয়ার উইন্ডহকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরে জিম্বাবুয়ের সঙ্গে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করলেও সিনিয়র স্তরে নামিবিয়ার জন্য এটি প্রথম বড় দায়িত্ব।

এছাড়া দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমকে টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। দীর্ঘ দুই দশক পর আবারও আফ্রিকান দেশগুলোতে ফিরতে যাচ্ছে ৫০ ওভারের এই শ্রেষ্ঠত্বের লড়াই।