১০ বছরে এমপি আনারের অর্থ বেড়েছে ২২২ গুণ

0

কালীগঞ্জ(ঝিনাইদহ)সংবাদদাতা ॥ ঝিনাইদহ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। ১০ বছরে এমপি হিসেবে তার নগদ অর্থ বেড়েছে ২২২ গুণ। ১০ বছর আগে নিজ নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কোনো টাকা না থাকলেও বর্তমানে তার ব্যাংকে ১ কোটি ৮ লাখ টাকা জমা রয়েছে। সেই সঙ্গে বেড়েছে তার স্থাবর ও অস্থাবর সম্পদও। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

বর্তমানে এমপি আনারের বার্ষিক আয় ৩৮ লাখ ৯২ হাজার ৭১৮ টাকা ও প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ২৪ লাখ ৫৪ হাজার ৫৩ টাকা। ১০ বছর আগে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ছিল ৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়াও তার ওপর নির্ভরশীলদের ব্যবসা থেকে আয় ছিল ২ লাখ ৭০ হাজার টাকা। কৃষি থেকে বছরে আয় ছিল ১ লাখ ৯৫ হাজার টাকা। ১০ বছর আগে এ খাত থেকে তার আয় ছিল ২৪ হাজার টাকা। ব্যবসা থেকে আয় ১৩ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকা। ১০ বছর আগে এ খাত থেকে তার আয় ছিল ১ লাখ টাকা। অন্যান্য ও সংসদ সদস্য হিসেবে ভাতাদি বাবদ আয় ২৩ লাখ ৭৮ হাজার ৭০ টাকা। ১০ বছর আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার।
বর্তমানে আনারের নগদ রয়েছে ১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৮১৮ টাকা এবং তার স্ত্রীর রয়েছে ২০ লাখ ১০ হাজার টাকা। দশম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা অনুযায়ী সে সময় তার হাতে নগদ অর্থের পরিমাণ ছিল ৬২ হাজার ৫৮০ টাকা ও স্ত্রীর নামে ছিল ৯৭ হাজার ৫০০ টাকা। ১০ বছরে তার নগদ টাকা বেড়েছে ২২২ গুণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আনারের রয়েছে ১ কোটি ৮ লাখ টাকা ও স্ত্রীর রয়েছে ১৯ লাখ ৯২ হাজার ১১৯ টাকা। ১০ বছর আগে এই সংসদ সদস্যের ব্যাংকে কোনো টাকা না থাকলেও স্ত্রীর ছিল ১৬ লাখ টাকা। ১০ বছর আগে স্থায়ী আমানতে বিনিয়োগ ও ট্রাক না থাকলেও বর্তমানে ৪টি ট্রাক ও ১ লাখ ১৪ হাজার ৩৫০ টাকা জীবন বিমার কিস্তি দিয়েছেন। শেয়ার ভিক্তিক রয়েছেন একটি এলপিজি ফিলিং পাম্প। রাজধানীতে রয়েছেন শুল্কমুক্ত বিলাশ বহুল গাড়ি । তিনি বিসিআইসির সার ডিলারও।

বর্তমানে এমপি আনারের নিজ নামে ৩৩ বিঘা ও স্ত্রীর নামে ২৪.৫০ শতক কৃষিজমি রয়েছে। ১০ বছর আগে তার নিজ নামে কৃষিজমির পরিমাণ ছিল ১০ বিঘা ও স্ত্রীর নামে কোনো জমি ছিল না। অকৃষি জমি (পৈতৃকসহ) রয়েছে ১২৯.৩৪ শতক ও স্ত্রীর নামে রয়েছে ১৭৯.০২ শতক। ১০ বছর আগে নিজ নামে ছিল ৫৯.৫ শতক। এ ছাড়া ভূষণ স্কুল সড়কে তার একটি ৪ তলা বাড়ি রয়েছে।