‘হেযবুত তওহীদ’ নিষিদ্ধ চায় হেফাজতে ইসলাম

0
হেফাজতে ইসলাম বাংলাদেশ

রাজনৈতিক পরিবর্তন ও সময়ের ধারাবাহিকতায় নিজেদের দীর্ঘদিনের ধর্মীয় দাবিদাওয়ার তালিকা ছোট করে এনেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ১৩ দফা দাবি তুলে সোচ্চার হওয়া সংগঠনটি এবার বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি পেশ করেছে। দাবির সংখ্যা কমলেও এতে ‘হেযবুত তওহীদ’ নামের সংগঠনটিকে নিষিদ্ধ করার একটি নতুন দাবি যুক্ত করা হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম ও কক্সবাজার সফরের অংশ হিসেবে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান। সেখানে তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই হেফাজতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে এই ৯ দফা দাবি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে তাঁকে স্বাগত জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী।। ছবি: সংগৃহীত

নতুন দাবির প্রসঙ্গে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী জানান, হেযবুত তওহীদ নামক সংগঠনটি ধর্মীয় বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ইসলামকে বিকৃত করছে, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তাই তাদের দ্রুত নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। ঐতিহ্যগতভাবে কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার পাশাপাশি হেযবুত তওহীদের ওপর নিষেধাজ্ঞার দাবিটি এবার তাদের অগ্রাধিকার তালিকায় এসেছে।

বর্তমান প্রধানমন্ত্রীকে দেওয়া ৯ দফার মধ্যে অপর গুরুত্বপূর্ণ দাবি হলো কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে (মাস্টার্স সমমান) সরকারি চাকরির বিজ্ঞপ্তি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কার্যকরভাবে বাস্তবায়ন করা। ২০১৭ সালে সনদকে স্নাতকোত্তরের সমমান দেওয়া হলেও এখন পর্যন্ত এর বাস্তব সুফল ও চাকরির বাজারে সমান সুযোগ মিলছে না বলে অভিযোগ আলেমদের। এ ছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনা, ২০২১ সালে নরেন্দ্র মোদির সফরকেন্দ্রিক সহিংসতা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিও পুনরুল্লেখ করা হয়েছে।

তবে বিগত বিভিন্ন সময়ে তোলা কিছু দাবি, যেমন—সংবিধানের মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের বিষয়টি এবার নতুন তালিকায় রাখা হয়নি। এ বিষয়ে হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী জানান, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজনের প্রতিশ্রুতি দিয়েছে এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত থাকায় তারা এই ইস্যুতে আশ্বস্ত হয়ে দাবিটি বাদ দিয়েছেন।

উল্লেখ্য, ২০১১ সালের নারী উন্নয়ন নীতিমালা ও ২০১৩ সালের শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে ১৩ দফা দাবি নিয়ে প্রথম জাতীয় রাজনীতিতে আলোচনায় আসে হেফাজতে ইসলাম। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নানা রাজনৈতিক টানাপোড়েন ও সমঝোতার মধ্য দিয়ে চলা সংগঠনটি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে ১২ দফা দাবি পেশ করেছিল। বিএনপি সরকারের কাছে উত্থাপিত সর্বশেষ ৯ দফায় দাবির সংখ্যা কিছুটা কমলেও, তাদের মূল ধর্মীয় অবস্থান ও কওমি শিক্ষার অধিকারসংক্রান্ত দীর্ঘদিনের দাবিগুলো আগের মতোই বহাল রয়েছে।