হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব: সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল

0
স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের সব ছুটি স্থগিত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব স্তরের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়।

আদেশে বলা হয়েছে, আপৎকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিতকৃত ছুটির তালিকায় চিকিৎসক ছাড়াও কর্মকর্তা- কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ও নৈমিত্তিক—উভয় ধরনের ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব প্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী অর্জিত বা নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন না। মূলত শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমিয়ে আনতে এবং মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচি সফল করতেই স্বাস্থ্য বিভাগ এমন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।