হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ শাহীন!

0
শাহীন আহমেদ, ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়, এ হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে ‘শাহীন চেয়ারম্যান’-এর নাম উঠে এসেছে।

গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল সূত্র জানায়, হত্যাকাণ্ড বাস্তবায়নে অর্থ ও অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন শাহীন চেয়ারম্যান নিজেই। পাশাপাশি এ ঘটনায় তার সহযোগী হিসেবে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতা রয়েছে।

তদন্তে আরও জানা যায়, হত্যাকাণ্ডের পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এ ঘটনায় তার ভূমিকার তথ্য পাওয়ার পর থেকেই তাকে গ্রেফতারের জন্য তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহীন চেয়ারম্যান অন্যান্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের মতোই সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। শুরুতে নীরব থাকলেও গত কয়েক মাস ধরে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন। বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে দেশে থাকা আওয়ামী লীগের স্লিপার সেল সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হত্যাকাণ্ডসহ নানা নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, হোয়াটসঅ্যাপ কল ও এসএমএসের সূত্র ধরে হাদি হত্যায় শাহীন চেয়ারম্যানের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ মিলেছে। ঘটনার আগে ও পরে ঘাতকদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিক যোগাযোগের তথ্যও উদ্ধার হয়েছে। পাশাপাশি ভারতে অবস্থানরত আরও কয়েকটি গ্রুপ অ্যাপের মাধ্যমে ঢাকায় থাকা স্লিপার সেল সদস্যদের কার্যক্রম সমন্বয়ের তথ্য মিলেছে।