হলফনামা যাচাই হলে ২০০৮ সালেই বাতিল হতো শেখ হাসিনার প্রার্থিতা: দুদক চেয়ারম্যান

0
রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হলফনামায় প্রদর্শিত সম্পদের সঙ্গে বাস্তব সম্পদের বিশাল ব্যবধান ছিল। রোববার (১১ জানুয়ারি) দুদকের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, “তৎকালীন সময়ে দুদক ও নির্বাচন কমিশন যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতো, তবে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হয়ে যেতো।” তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী তফসিলের সংক্ষিপ্ত সময়ে প্রার্থীদের হলফনামা সূক্ষ্মভাবে যাচাই করা কমিশনের জন্য চ্যালেঞ্জিং। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের অনুসন্ধানী তথ্য দিয়ে দুদককে সহায়তার আহ্বান জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে আবদুল মোমেন বলেন, কোনো প্রার্থীর সম্পদ নিয়ে সন্দেহ থাকলে তা যেন দ্রুত দুদকের নজরে আনা হয়। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, হলফনামায় তথ্য গোপনকারী বা অবৈধ বিত্তবৈভবের মালিকদের ভবিষ্যতে রাষ্ট্রের শাসক হিসেবে দেখতে চায় না কমিশন। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দুর্নীতিমুক্ত ও সৎ শাসক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।