হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনে আঘাত, তেলবাহী সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

0
তেলবাহী একটি সুপারট্যাংকারে আগুন। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ অনুমোদিত পথ ছাড়া হরমুজ প্রণালি পার হওয়ার সময় সামুদ্রিক মাইনের সঙ্গে ধাক্কা লেগে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনীর বরাতে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে, ট্যাংকারটি চলাচলের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা ও রাডার বন্ধ করে দিয়েছিল। পরে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে জাহাজটি।

তবে ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ এটি, হতাহতের সংখ্যা এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে কি না এসব বিষয়ে দেওয়া তথ্যে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

বিবৃতির মাধ্যমে আইআরজিসি নৌবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে’ এবং ইরানের নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজ মার্কিন সমর্থনের ওপর ভরসা করলে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।