কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু

0
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড।। ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন। আগুনে রিসোর্টটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের সবাই পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।