‘হজ নিয়ে সময়ক্ষেপণ করছে সৌদি’

0

আগামী মাসেই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজের নির্ধারিত সময়। কিন্তু করোনা প্রাদুর্ভাবকালে সৌদি আরব এই হজ আয়োজনের ব্যাপারে এখনও কোনো ঘোষণা দেয়নি। বিষয়টি নিয়ে দেশটির কর্তৃপক্ষ সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন সৌদি হজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ আছে দক্ষিণ এশিয়ার এমন এক কর্মকর্তা। গত বছর হজ করতে সৌদি আরব গিয়েছিলেন বিশ্বের ২৫ লাখ মুসলমান। পূর্ণমাত্রায় হজ আয়োজনের কোনো প্রস্তুতি এখনও সৌদি কর্তৃপক্ষের মাঝে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘নামমাত্র হজ আয়োজন করা হবে নাকি পুরোপুরি বাতিল করা হবে তার টস এটি।’ অবশ্য এক সৌদি কর্মকর্তা বলেছেন, ‘শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা ঘোষণা করা হবে।’ রিয়াদ হজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না জানানোয় বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া সম্প্রতি তাদের হজযাত্রা বাতিলের ঘোষণা দিয়েছে। এর পরপর সিঙ্গাপুর,মালয়েশিয়া ও সেনেগাল একই রকম ঘোষণা দিয়েছে। অবশ্য তুরস্ক, মিশর ও মরক্কোসহ অন্যান্য মুসলিম দেশগুলো এখনও সৌদির সিদ্ধান্তের অপেক্ষায় আছে। লন্ডনের রয়েল ইউনাইটেড সার্ভিসেস ইনিস্টিটিউটের অতিথি ফেলো উমর করিম বলেছেন, ‘সৌদি আরব শয়তান ও নীল সাগরের মধ্যে আটকা পড়েছে। এর সিদ্ধান্ত ঘোষণায় বিলম্বে দেখা যাচ্ছে, হজ বাতিল বা পরিসর সীমিত করার পরিণতি সম্পর্কে তারা ওয়াকিবহাল।’ নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ এশিয়ার এক কর্মকর্তা জানান, সতর্ক পদক্ষেপ ফেলর মাধ্যমে সৌদি আরব সময়ক্ষেপণ করছে। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে সৌদি বললো, আমরা পূর্ণমাত্রা হজের জন্য প্রস্তুত, (লজিস্টিকভাবে) দেখা গেলো অনেক দেশই অংশগ্রহণের মতো অবস্থায় থাকবে না।’