স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, সচিবালয়ে প্রতিনিধি দল

0
ছাত্রজনতার স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, ব্যারিকেড ভাঙার চেষ্টা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। তবে বাধার মুখেও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন।

আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে থেকে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। ছাত্রজনতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে রওনা হন।

মিছিলটি বেলা ১টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে এসে প্রথমবার পুলিশের বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। এরপর বেলা ১টা ২৩ মিনিটে হাইকোর্ট মাজারের সামনে তারা দ্বিতীয়বার পুলিশের বাধার সম্মুখীন হন এবং পুনরায় ব্যারিকেড ভেঙে অগ্রসর হন।

তবে বেলা ১টা ২৭ মিনিটে শিক্ষা ভবন সংলগ্ন সচিবালয় অভিমুখী সড়কে এসে পুলিশি বাধার মুখে ছাত্রজনতা সেখানেই অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ অবস্থায়, বেলা ১টা ৪৫ মিনিটের দিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে আলোচনার জন্য রওনা দেন।

উল্লেখ্য, গতকাল রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন।