সৌদিতে কারখানায় আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

0
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। রোববার সাড়ে ১১টার দিকে উপজেলার গন্ডগোহালি গ্রামে। ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরি কারখানায় ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়। এর আগে গতকাল রোববার দুপুরে কারখানাটিতে আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ১৬ জন বাংলাদেশির মধ্যে সবচেয়ে বেশি ১৩ জনের বাড়িই নওগাঁ জেলায়। এ ছাড়া নিহতদের মধ্যে ২ জনের বাড়ি নাটোর এবং ১ জনের বাড়ি রাজশাহী জেলায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সূত্রে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন—নওগাঁর ফরিদ, শুভ, রুবেল প্রামাণিক, সুমন, কলিমউদ্দিন, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, মিনহাজ, হৃদয়, শাহিন, আব্দুল জলিল, মজিদুল ও সাগর; নাটোরের শামিম ও সাব্বির এবং রাজশাহীর শ্যামল।

সৌদি আরবে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে রেমিট্যান্সযোদ্ধাদের এমন প্রাণহানিতে গভীর শোক ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারগুলোর অপূরণীয় ক্ষতি ও কঠিন সময়ে সরকার সার্বিক পাশে থাকবে বলে তাঁরা আশ্বাস প্রদান করেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদের বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি ও কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা নিহতদের পরিচয় শতভাগ নিশ্চিত করা এবং মরদেহগুলোর প্রয়োজনীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক নিবিড়ভাবে কাজ করছেন। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।