সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

0
ছবি: সংগৃহীত।

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ থানার নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংসসহ এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২টার দিকে দাকোপ থানার নলিয়ান ক্লোজারপাড়া সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ানের সদস্যরা অভিযান চালান। অভিযানে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়।

এ সময় মেহেদী হাসান (৩০) নামে এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ এবং হরিণ শিকার ও মাংস পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।