সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ ওসমান হাদি: আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দরে নেওয়া হলো

0
আইসিইউ অ্যাম্বুলেন্সে বিমানবন্দর, এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন গুলিবিদ্ধ হাদি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মাথায় গুলিবিদ্ধ ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তাঁকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।

বেলা সোয়া একটার দিকে হাসপাতাল থেকে তাঁকে বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। ওসমান হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি দুপুর দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে প্রবেশ করে। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। হামলার পরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।