সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

0
চেন্নাইকে হারিয়ে মুস্তাফিজকে দলে নিল টিম বেঙ্গালুরু, দাম ৩.৫ কোটি রুপি ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামের আগে ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের আয়োজিত মক (নকল) অকশনে বড় দর পেলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। মক অকশনে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে টিম বেঙ্গালুরু তাঁকে সাড়ে তিন কোটি (৩.৫০ কোটি) রুপিতে কিনে নিয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের সত্যিকারের মিনি নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ১০টি ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি রেখে মুস্তাফিজসহ ৪০ জন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারের দাম যাচাইয়ের চেষ্টা করেন অশ্বিন।

২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজের নাম নিলামে উঠলে প্রথমেই আগ্রহ দেখায় টিম বেঙ্গালুরু। ২ কোটি রুপিতে বিক্রি হয়ে যাওয়ার মুহূর্তে লড়াইয়ে প্রবেশ করে চেন্নাই। পরবর্তীতে দুই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা দাম বাড়াতে থাকলে ৩ কোটি ৫০ লাখ রুপিতে গিয়ে থামে বেঙ্গালুরুর দর। চেন্নাই আর আগ্রহ না দেখানোয় মুস্তাফিজকে দলে নেয় বেঙ্গালুরু।

বাঁহাতি এই পেসার ২০১৬ সালে আইপিএলে অভিষেক করেন এবং এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। তিনি ৬০ ম্যাচে ৮.১৩ ইকোনমি রেটে ৬৫ উইকেট শিকার করেছেন।

সর্বশেষ ২০২৪ মৌসুমে চেন্নাইয়ের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। তবে গত আসরের শেষের দিকে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচ খেলে চার উইকেট নিয়েছিলেন।

যদিও এটি ছিল মক নিলাম, তবে সাম্প্রতিক সময়ে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজের ছন্দে থাকা বাংলাদেশি সমর্থকদের আশাবাদী করতেই পারে। মুস্তাফিজ ছাড়াও এই নিলামে নাম দিয়েছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।