সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদে যশোরে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

0

 

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগসহ দেশব্যাপী সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে সেখানকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। রোববার বিকেল ৫টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের দড়াটানা ভৈরব চত্বরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
নির্মূল কমিটির সভাপতি হারুন-অর-রশিদ মানববন্ধনে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন দৈনিক কল্যাণের সম্পাদক ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা। ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজেদ রহমান, দীপঙ্কর দাস রতন, শ্রাবণী সুর, যোগেশ দত্ত, যুবমৈত্রীর সুকান্ত দাস, নওরোজ আলম, প্রশান্ত দেবনাথ, নারীনেত্রী মাহমুদা খানম, বিশ্বজিৎ মজুমদার, অরুণ মিত্র প্রমুখ।
বক্তারা বলেন, নড়াইলে একের পর এক সাম্প্রদায়িক ঘটনা ঘটছে। অথচ, প্রশাসনের আগে থেকে সতর্কতা কিংবা তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না, ঘটনা ঘটে যাওয়ার পর তৎপরতা দেখাচ্ছে। আবার সেখানকার এমপি ফুল দিয়ে মৌলবীদের বরণ করে নিচ্ছে। এ অবস্থা চলতে পারে না। বক্তারা এ পরিস্থিতিতে নড়াইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতির মধ্যে বসবাস করতে চায়। সে পরিস্থিতি তৈরি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বক্তরা সরকারের প্রতি আহ্বান জানান।