নড়াইলে শিশুকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

0
ছবি: সংগৃহীত।

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলে এক ছেলে শিশুকে ধর্ষণ মামলায় মো. মেরাজ আলী ওরফে মিরাজ (২৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।একই সাথে তাকে ৩ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. মেরাজ আলী ওরফে মিরাজ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়া বকরী (রুদ্রপুর) গ্রামের মো. আমানুল্লাহ হকের ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত মিরাজ আদালতের কাঠগোঁড়ায় উপস্থিত ছিলেন।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ জুলাই ভোররাতে নড়াইল পৌরসভার রঘুনাথপুর-বাদামতলা জামিয়া রহমানিয়া তাইসিরুল উলুম মাদ্রাসার ১০ বছর বয়সী এক ছেলে শিশু শিক্ষার্থীকে একই মাদ্রাসার শিক্ষক মো. মেরাজ আলী ওরফে মিরাজ যৌন নির্যাতন করেন।

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে ১৩ জুলাই মো. মেরাজ আলী ওরফে মিরাজকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।পরে পুলিশ এ মামলার একমাত্র আসামি মো. মেরাজ আলী ওরফে মিরাজের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

মামলায় সাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি মো. মেরাজ আলী ওরফে মিরাজকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন বিচারক।