সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে যশোরে ওলামা মাশায়েখদের বিক্ষোভ

0

 

স্টাফ রিপোর্টার ॥ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের ওপর সাদপন্থীদের হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে যশোরে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশে সাদপন্থীদের সকল কর্মকান্ড নিষিদ্ধসহ এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ ৬ দফা দাবি পেশ করা হয়।
যশোর জেলা ইমাম পরিষদের সাবেক সভাপতি বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং মুফতী আমানুল্লাহ কাসেমী ও মুফতী উবায়দুল্লাহ শাকিরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন মাওলানা আনোয়ারুল করীম যশোরী, হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, আলহাজ মশিউর রহমান, মাওলানা নাজির উদ্দীন, মুফতী ইয়াহইয়া, মুফতী শামসুর রহমান, মুফতী রশীদ আহমাদ বিন ওয়াক্কাস, মুফতী হাফিজুর রহমান, মুফতী উমায়ের কাসেমী, মুফতী আব্দুর রহমান এযায়ী, মুফতী আব্দুল হান্নান, মুফতী আব্দুল হালিম, মুফতী মাসউদুর রহমান, মুফতী শফিউল্লাহ, ইঞ্জি. মো. জয়নুল আবেদীন, ডা. মো. ফয়সাল প্রমুখ।
সমাবেশে ওলালামা মাশায়েখরা বলেন, ১৮ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপরে ইসরায়েল, ভারত ও ফ্যাসিস্ট আওয়ামী দোসর সাদপন্থী খুনী সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা করে নিরীহ মানুষকে হত্যা করেছে। তারা মুসল্লীর লেবাসে আসলেও মূলত তারা পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর। পরিবর্তিত পরিস্থিতিতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এ নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছে।
সমাবেশ থেকে তাবলিগের সাদপন্থীর সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধসহ ৬ দফা দাবি দাবি পেশ করা হয়। সাদপন্থীদের গডফাদার ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম, মুয়াজ বিন নুর, জিয়া বিন কাশেম, আব্দুল্লাহ মনসুর, রেজা আরিফসহ সকল গডফাদারকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যশোরের গডফাদার সাদপন্থী বিতর্কিত মাওলানা আব্দুর রহমান, ইঞ্জি. খাইরুল আলম, ইয়ামীন, তাজু, মিজান, উজির আলী, শামীম, তসলিম, তরিকুলসহ জেলার বিভিন্ন অঞ্চল থেকে যেসকল সাদপন্থী টঙ্গী ময়দানে খুন ও বর্বর হামলায় অংশ নিয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে সহা¯্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।